
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। ঢাকায় পৌঁছে বিমান থেকে নেমে পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এরপর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আবেগঘন মুহূর্তে জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়। পরে তিনি নির্ধারিত বাসে ওঠেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও স্লোগানে মুখর।